
ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে পাবিপ্রবিতে মানববন্ধন
পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন সাংবাদিকরা। হামলায় জড়িতদের বিচার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে তারা মানববন্ধন করেন।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান তারা। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
বক্তারা বলেন, বিচারহীনতা ফ্যাসিবাদকে উসকে দেয় এবং ক্ষমতাকে দানবে পরিণত করে। তাই হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি এমরান হোসেন তানিম, সাধারণ সম্পাদক আলফি সানি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিকাইল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মনিরুল ইসলাম ও ভাস্কর চন্দ্র রায়।
প্রেসক্লাবের সভাপতি এমরান হোসেন তানিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের কাজ সত্য তুলে ধরা এবং ক্ষমতাকে প্রশ্ন করা। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে রাষ্ট্রকে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে।
সাধারণ সম্পাদক আলফি সানি বলেন, বিগত সময়ে যখন ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারতেন না, তখন সাংবাদিকরাই তাদের ক্যাম্পাসে ঢোকার সুযোগ করে দিয়েছিলেন। অথচ আজ সেই ছাত্রদলই ফ্যাসিবাদী আচরণে জড়িয়ে পড়ছে। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও শাস্তির দাবি জানান।

