
হরমুজ প্রণালি নিয়ে নতুন আইন আনছে ইরান
হরমুজ প্রণালিতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আরও শক্ত করতে নতুন আইন আনতে যাচ্ছে ইরান। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত নতুন আইনে এ প্রণালির পুরো দায়িত্ব সেনাবাহিনীর হাতে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ইরানের পার্লামেন্টের (মজলিস) জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ইরানের সেনাবাহিনী আগেই এই প্রণালির নিয়ন্ত্রণে আছে। তবে নতুন ব্যবস্থায় যেসব জাহাজকে “শত্রু” হিসেবে বিবেচনা করা হবে, সেগুলোর চলাচল বন্ধ করার ক্ষমতা আরও জোরদার করা হতে পারে।
তিনি আরও জানান, এই প্রণালি থেকে যে আয় হবে, তা ইরানের নিজস্ব মুদ্রায় গ্রহণের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, যুদ্ধ নিয়ে আরও আলোচনার জন্য যুক্তরাষ্ট্র অনুরোধ করেছে। বিবিসির বরাতে জানা যায়, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এবং ওয়াশিংটন তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি।
আরাগচি বলেন, এই কারণেই যুক্তরাষ্ট্র আরও আলোচনার অনুরোধ করেছে। তবে ইরান আলোচনায় যাবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, বিষয়টি তারা বিবেচনা করছেন।
এ বিষয়ে ওয়াশিংটনের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
ইরানের শীর্ষ কূটনীতিক আরও বলেন, সাম্প্রতিক যুদ্ধ ইরানের রাশিয়ার মতো শক্তিশালী বন্ধু ও মিত্র থাকার বিষয়টি স্পষ্ট করেছে। এ সময় তিনি সমর্থনের জন্য ক্রেমলিনকে ধন্যবাদ জানান।

