
টানটান উত্তেজনার মধ্যে এবার চীন সফরে যাচ্ছেন ট্রাম্প-আরাগচি
টানটান উত্তেজনার মধ্যে চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও দেশটিতে সফরের কথা রয়েছে।
তেহরান ও বেইজিংয়ের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থানকালে আরাগচি দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা আলোচনার কেন্দ্রে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও শিগগিরই চীন সফরের কথা রয়েছে। তিনি আগামী ১৪ মে থেকে শুরু হওয়া দুই দিনের এক শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
উল্লেখ্য, ট্রাম্পের এই সফরটি মূলত মার্চের শেষ দিকে হওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের কারণে তা স্থগিত করা হয়। নতুন সূচি অনুযায়ী, চলতি মে মাসের মাঝামাঝি সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

