
বিকেলে সংসদ অধিবেশন বসছে , উত্থাপন হবে গুরুত্বপূর্ণ বিল
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে। সংসদের অধিবেশন বসছে বিকেলে—এই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল উত্থাপন এবং জাতীয় ইস্যুতে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে রবিবার অধিবেশন চলাকালে ডেপুটি স্পিকার কার্যক্রম আজকের নির্ধারিত সময় পর্যন্ত মূলতবি ঘোষণা করেছিলেন।
সংসদ সূত্রে জানা গেছে, আজকের অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হবে। পাশাপাশি চলমান জাতীয় ও অর্থনৈতিক বিষয় নিয়ে সংসদ সদস্যদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হবে।
বর্তমানে জাতীয় সংসদে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব পালন করছে এবং স্পিকার হিসেবে অধিবেশন পরিচালনা করছেন হাফিজ উদ্দিন আহমদ।
রবিবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনায় সরকারি দলের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান সরকারের মেয়াদেই বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হতে পারে। তারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছেন।
স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনায় বিএনপির সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, আবুল কালাম আজাদ সিদ্দিকী, মোরশেদ মিল্টন, বিশ্বাস জাহাঙ্গীর আলম, রেজা কিবরিয়া, আহাম্মদ সোহেল মনজুর, তামিজ উদ্দিন, নূরুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বক্তব্য দেন।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এম আবদুল আলিম, আবদুল করিম, এম তাজউদ্দিন খান, এম নজমুল হুদা, আবুল কাউসার, এম নজরুল ইসলাম, আমির হামজা, আবুল কালাম আজাদ, মো. ইজ্জতুল্লাহ এবং মুহাম্মদ আবদুল খালেক আলোচনায় অংশ নেন।
বাংলাদেশ খেলাফত মজলিশের মোহাম্মদ উল্লাহ এবং স্বতন্ত্র সদস্য মোহাম্মদ সালমান ওমরসহ অন্যান্য সংসদ সদস্যরাও আলোচনায় বক্তব্য রাখেন।

