
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আসছে
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা নতুন করে পর্যালোচনা করতে যাচ্ছে সরকার। আগামী বৃত্তি পরীক্ষাকে আরও কার্যকর, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব করতে নীতিমালায় একাধিক পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রতিমন্ত্রী বলেন, বৃত্তির অর্থের পরিমাণ কত হবে, কীভাবে তা প্রদান করা হবে, কতজন শিক্ষার্থী বৃত্তি পাবে এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কতসংখ্যক বৃত্তি বরাদ্দ থাকবে—এসব বিষয় নতুন করে নির্ধারণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আরও বেশি উৎসাহিত করতে সরকার নতুনভাবে কাজ করছে। ভবিষ্যতে বৃত্তি পরীক্ষা যাতে আরও সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকরভাবে আয়োজন করা যায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ববি হাজ্জাজ জানান, সরকার মেয়েদের শতভাগ শিক্ষার হার নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যে নন-ফরমাল শিক্ষাব্যবস্থায়ও নতুন উদ্যোগ নেওয়া হবে।

