
স্বাধীনতা দিবসে জিয়া সমাধিতে জবি উপাচার্যের শ্রদ্ধা
জিয়া সমাধিতে শ্রদ্ধা, জবি উপাচার্য, স্বাধীনতা দিবস, জিয়া উদ্যান—মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে অবস্থিত সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানানো হয় বলে জানানো হয়েছে।
শ্রদ্ধা নিবেদন শেষে জবি উপাচার্য ড. মো. রইছ উদ্দীন বলেন, মহান স্বাধীনতা দিবস জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়। তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় বলেও মন্তব্য করেন উপাচার্য।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক সমিতি ও ইউট্যাব নেতৃবৃন্দ, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার নেতারা।
এর আগে একই দিন সকালে উপাচার্যের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : সারাদেশ খবর

