
লক্ষ্মীপুরে বজ্রপাতে কুরআনের হাফেজ তরুণীর মৃত্যু
লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে লিমা আক্তার (১৭) নামে কুরআনের এক হাফেজ তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরজাঙ্গালিয়া গ্রামের সাতদরুন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত লিমা স্থানীয় মাছ ব্যবসায়ী খোকনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আকস্মিক বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় লিমা বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাকে স্থানীয় ফজুমিয়ারহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মাত্র তিন মাস আগে কিডনিজনিত রোগে লিমার মা জান্নাতুল ফেরদাউস মারা যান। মায়ের মৃত্যুর কিছুদিন পর মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
হাজিরহাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আপেল মাহমুদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অল্প সময়ের ব্যবধানে মা ও মেয়ের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বজ্রপাতে এক তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

