
হরমুজ প্রণালি খোলা নিয়ে ধোঁয়াশা, বিকল্প পথ ঘোষণা ইরান
হরমুজ প্রণালি খোলা আছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। গুরুত্বপূর্ণ এই নৌপথে সমুদ্রমাইনের ঝুঁকির কথা উল্লেখ করে জাহাজ চলাচলের জন্য বিকল্প পথ ঘোষণা দিয়েছে ইরান।
৯ এপ্রিল দেওয়া ঘোষণায় তেহরান জানায়, দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে প্রণালিটি সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছে। তবে বাস্তবে কতটি জাহাজ চলাচল করছে, তা নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে।
হরমুজ প্রণালি দিয়ে সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়, ফলে এই নৌপথে যেকোনো অনিশ্চয়তা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, লেবাননে মিত্রদের ওপর ইসরায়েলের হামলার পর প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে। এমনকি পানামার পতাকাবাহী একটি জাহাজ প্রণালির কাছ থেকে ফিরে যাওয়ার ঘটনাও তুলে ধরা হয়েছে।
অন্যদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রণালি বন্ধ থাকার খবর ‘মিথ্যা’। তার দাবি, এই পথে জাহাজ চলাচল বরং বেড়েছে এবং মার্কিন প্রশাসন নিশ্চিত যে প্রণালিটি খোলা রয়েছে।
তবে বাণিজ্যিক জাহাজ দালাল সংস্থা এসএসওয়াই জানিয়েছে, উপসাগরে থাকা জাহাজগুলো ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি)-এর কাছ থেকে সতর্কবার্তা পেয়েছে। এতে বলা হয়েছে, অনুমতি ছাড়া প্রবেশ করলে জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
আইআরজিসি আরও জানিয়েছে, প্রণালিতে মাইন পেতে রাখা হয়েছে, ফলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তাই জাহাজগুলোকে নিরাপদে চলাচলের জন্য বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রণালিটি খুলে দিতে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরানকে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই ৭ ও ৮ এপ্রিল মধ্যরাতে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়।
এর আগে মার্চের শুরু থেকে কার্যত বন্ধ থাকা এই নৌপথের কারণে বিশ্ববাজারে তেলসহ জ্বালানির দাম দ্রুত বেড়ে যায়।

