
এআই এজেন্ট ঠেকাতে স্ক্রিনশট বন্ধ করছে সিগন্যাল
ফোনের অপারেটিং সিস্টেমে যুক্ত এআই সহকারী যেন ব্যবহারকারীর চ্যাট পড়তে না পারে, সে জন্য অ্যান্ড্রয়েড ও আইওএসে স্ক্রিনশট আটকে দিচ্ছে সিগন্যাল।
এনক্রিপ্টেড বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যাল অ্যান্ড্রয়েড ও আইফোনে স্ক্রিনশট নেওয়ার সুযোগ সীমিত করছে। ফোনের অপারেটিং সিস্টেমে যুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহকারীরা যেন ব্যবহারকারীর ব্যক্তিগত চ্যাট পড়তে না পারে, সে জন্যই এই পদক্ষেপ। গত শুক্রবার (২০ নভেম্বর) প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়।
আইফোন ও অ্যান্ড্রয়েডে কী বদলাচ্ছে
আইওএস ২৭ চালিত আইফোনে সিগন্যালের ভেতরে স্ক্রিনশট নেওয়া ডিফল্টভাবে বন্ধ থাকবে। সেখানে ‘Block Siri AI’ নামে নতুন একটি সেটিং যোগ হয়েছে, যা শুরু থেকেই চালু থাকবে। অ্যান্ড্রয়েডে কোনো এআই সহকারী সিগন্যালের পর্দা পড়ার চেষ্টা করলে অ্যাপটি তা শনাক্ত করে স্ক্রিন সিকিউরিটি চালু করবে। ব্যবহারকারী চাইলে সেটিংস থেকে এই সুরক্ষা বন্ধ করতে পারবেন।
‘অস্তিত্বের হুমকি’
সিগন্যালের প্রেসিডেন্ট মেরেডিথ হুইটেকার অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজে যুক্ত হওয়া এজেন্টভিত্তিক এআইকে সিগন্যালের জন্য অস্তিত্বের হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, এসব এআই পর্দায় যা দেখা যায় তার সবই স্ক্যান করতে পারে।
তবে সিগন্যাল নিজেই স্বীকার করেছে, এই সুরক্ষা অসম্পূর্ণ। কারণ, স্ক্রিনশট ছাড়াও নোটিফিকেশন বা অ্যাকসেসিবিলিটি অনুমতির মতো অন্য পথে এআই অ্যাপের তথ্যে পৌঁছাতে পারে।
উল্লেখ্য, গত বছর উইন্ডোজ ১১-এ মাইক্রোসফটের রিকল ফিচার ঠেকাতেও সিগন্যাল একইভাবে ডিফল্টভাবে স্ক্রিনশট বন্ধ করেছিল।
