
এআই-চালিত ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক নিয়ম হলো না, আলোচনা গড়াল ২০২৮ পর্যন্ত
জেনেভায় জাতিসংঘের সপ্তাহব্যাপী সম্মেলন শেষ হয়েছে শুধু আরও দুই বছর আলোচনা চালানোর সমঝোতা দিয়ে। হতাশ অধিকার সংগঠনগুলো।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র, যা ‘কিলার রোবট’ নামে পরিচিত, তার জন্য বাধ্যতামূলক আন্তর্জাতিক নিয়ম তৈরির চেষ্টা আপাতত থমকে গেল। জেনেভায় জাতিসংঘ-সমর্থিত সপ্তাহব্যাপী আলোচনা শনিবার (২১ নভেম্বর) শেষ হয়েছে কেবল আরও দুই বছর আলোচনা চালিয়ে যাওয়ার একটি নরম সমঝোতা দিয়ে।
সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো ২০২৮ সালের মধ্যে এ ধরনের অস্ত্র নিয়ে একটি সম্ভাব্য চুক্তি দাঁড় করানোর বিষয়ে একমত হয়েছে। তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, অনেক দেশ ও অধিকারকর্মীরা যে আইনি বাধ্যবাধকতাসম্পন্ন নিয়ম চাইছিলেন, সে বিষয়ে কোনো প্রতিশ্রুতি আসেনি।
আলোচনা হয়েছে প্রচলিত অস্ত্রসংক্রান্ত কনভেনশনের (সিসিডব্লিউ) আওতায়, যার পক্ষ ১২৮টি দেশ। এই কাঠামোতে সিদ্ধান্ত নিতে সবার ঐকমত্য লাগে, ফলে অল্প কয়েকটি দেশের আপত্তিতেই শক্ত কোনো ম্যান্ডেট আটকে যেতে পারে। প্রায় ১০০টি দেশ দ্রুত বাধ্যতামূলক নিয়মের পক্ষে অবস্থান নিয়েছিল বলে জানা গেছে।
গুতেরেস চলতি বছরের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক দর-কষাকষি শুরুর সময়সীমা বেঁধে দিয়েছিলেন। বছর শেষে তাঁর মেয়াদও শেষ হচ্ছে।
সমালোচনা
সম্মেলনের সভাপতি সুইস কূটনীতিক জুলিয়েন থোয়েনি সমঝোতাটিকে মানবিক নিরস্ত্রীকরণের পথে অগ্রগতি হিসেবে তুলে ধরেছেন। কিন্তু ‘স্টপ কিলার রোবটস’ জোট একে দুর্বল ম্যান্ডেট বলে সমালোচনা করেছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সতর্ক করেছে, এ ধরনের অস্ত্রের আচরণ আগে থেকে অনুমান করা কঠিন।
