
১৬৭ বছরের পুরোনো রিম্যান হাইপোথিসিস প্রমাণের দাবি, সঙ্গী এআই ‘ক্লড’
অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ত আলপোগের দাবি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। সফটওয়্যারে যাচাইয়ের খবর এলেও স্বাধীন গণিতবিদদের পর্যালোচনা এখনো বাকি।
গণিতের সবচেয়ে বিখ্যাত অমীমাংসিত সমস্যাগুলোর একটি, রিম্যান হাইপোথিসিস, প্রমাণ করার দাবি উঠেছে। আর এই দাবির পেছনে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মার্কিন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ত আলপোগে বলছেন, প্রতিষ্ঠানটির এআই সিস্টেম ক্লডের সঙ্গে কাজ করে তিনি প্রমাণটি দাঁড় করিয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) নিজের ব্যক্তিগত ওয়েবসাইটে চার পৃষ্ঠার একটি নোট প্রকাশ করে এ দাবি জানান আলপোগে। তিনি জানিয়েছেন, প্রায় ছয় সপ্তাহ ধরে ক্লডের সঙ্গে এ নিয়ে কাজ করেছেন।
কেন এত গুরুত্বপূর্ণ
জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান ১৮৫৯ সালে এই অনুমান প্রস্তাব করেন। মৌলিক সংখ্যা কীভাবে ছড়িয়ে আছে, তা নিয়েই এর মূল প্রশ্ন। ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটের ঘোষিত সাতটি ‘মিলেনিয়াম প্রাইজ’ সমস্যার একটি এটি, যার সমাধানে ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার রয়েছে। দেড় শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বের বহু খ্যাতিমান গণিতবিদ এর সমাধান খুঁজেছেন।
যাচাই কতদূর
শুরুতে কোনো স্বাধীন বিশেষজ্ঞ প্রমাণটি যাচাই করেননি। তবে শনিবার (২১ নভেম্বর) লিন ফোকাসড রিসার্চ অর্গানাইজেশন ও ম্যাথলিব ইনিশিয়েটিভ জানায়, তারা গাণিতিক সফটওয়্যারের মাধ্যমে প্রমাণটি আলাদাভাবে যাচাই করেছে এবং এর সঠিকতা নিয়ে পূর্ণ আস্থা রয়েছে বলে মনে করছে।
তবু চূড়ান্ত রায় দেওয়ার সময় আসেনি। সংখ্যাতত্ত্ববিদদের এখনো নিশ্চিত হতে হবে যে সফটওয়্যারে যে উপপাদ্য প্রমাণিত হয়েছে, তা হুবহু রিম্যান হাইপোথিসিসই। প্রচলিত নিয়মে গবেষণাপত্রটি বিশেষজ্ঞদের পর্যালোচনার মধ্য দিয়েও যেতে হবে।
সাম্প্রতিক কয়েক মাসে এ নিয়ে দ্বিতীয়বার কোনো এআই প্রতিষ্ঠান বা তার সঙ্গে যুক্ত কেউ গণিতের বিখ্যাত অমীমাংসিত সমস্যা সমাধানের দাবি করল।
