
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৯, তাঁদের ৫৭ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের
ডিএমপির অভিযানে ককটেল, পেট্রল ও মাদক উদ্ধার। দুই দিনে রাজধানীতে গ্রেপ্তারের সংখ্যা ছাড়াল সাত শ।
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৭ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এই সময়ে বিভিন্ন থানায় ৩২টি মামলা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযানগুলো চালানো হয়।
কোন বিভাগে কতজন
সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে, ৭৩ জন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৪৮, উত্তরায় ৪৭, ওয়ারীতে ৩৭, মতিঝিলে ২৬, রমনায় ২৩, লালবাগে ১৯ এবং গুলশান বিভাগে ১৮ জন গ্রেপ্তার হয়েছেন। গোয়েন্দা বিভাগ ও এসআরইউ আলাদাভাবে চারজন করে গ্রেপ্তার করেছে।
যা উদ্ধার হয়েছে
অভিযানে চারটি অবিস্ফোরিত ককটেল ও চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০টি ইয়াবা বড়ি, চার বোতল তরল পেট্রল, পেট্রলভর্তি দুটি পলিথিনের গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির হিসাবে, বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনের অভিযান মিলিয়ে রাজধানীতে মোট ৭৭৩ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে ১৮১ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য বলে ডিএমপির তথ্য।
