
প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবার বসছে এনসিপির প্রতিনিধিদল, জাতীয় সংলাপ ২৭ বা ২৮ নভেম্বর
নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদল সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) তাঁর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেবে।
দলটির নেতা সারোয়ার তুষার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাহিদ ইসলাম লন্ডন সফর শেষে আজ রোববার সন্ধ্যায় দেশে ফিরছেন। ফেরার পরদিনই প্রতিনিধিদল নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।
সংলাপের প্রস্তুতি
দলগুলোর সঙ্গে আলাদা আলাদা বৈঠকের পর একটি জাতীয় সংলাপের পরিকল্পনা রয়েছে সরকারের। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সংলাপটি ২৭ অথবা ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে। তবে চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। তিনি ২৬ নভেম্বর দেশে ফিরবেন বলে জানা গেছে। ফলে তাঁর দেশে ফেরার পরই জাতীয় সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে দলগুলোর এই ধারাবাহিক বৈঠক ও প্রস্তাবিত জাতীয় সংলাপের দিকে এখন নজর রাজনৈতিক অঙ্গনের।
