ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না: প্রধানমন্ত্রী

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বাহিনীকে আরও আধুনিক করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।

দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী যদি ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় এক থাকে, তাহলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী তার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতীক। দেশকে নিরাপদ ও শক্তিশালী করতে সরকার সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বলেও জানান তিনি।

দিবসটির তাৎপর্য তুলে ধরে তিনি ১৯৭১ সালের ২১ নভেম্বরের কথা স্মরণ করেন, যেদিন সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বক্তব্যের এক পর্যায়ে মায়ের কথা স্মরণ করেন তারেক রহমান। তিনি জানান, ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানই ছিল তাঁর মায়ের জীবনের শেষ অনুষ্ঠান। এ সময় মায়ের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান তিনি।

স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সেনাকুঞ্জে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানেরা। সংবর্ধনায় কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

এর আগে দিনে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী। সাত বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন সেখানে উপস্থিত ছিলেন।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )