সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি দোলন ৭ দিনের, অভিনেতা তমাল ৪ দিনের রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি দোলন ৭ দিনের, অভিনেতা তমাল ৪ দিনের রিমান্ডে

ধানমন্ডি থানার মামলায় সাবেক সচিব মিজানুর রহমানকেও চার দিনের রিমান্ডে পেয়েছে ডিবি। আসামিপক্ষ অভিযোগকে বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করেছে।

রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলায় সাবেক সচিব মো. মিজানুর রহমান এবং অভিনেতা আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের পরিদর্শক মো. সেলিম রেজা প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর তিনটি আলাদা জায়গা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। দোলনকে বারিধারা ডিওএইচএস, মিজানুর রহমানকে ধানমন্ডি এবং তমালকে আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে আটক করা হয়।

কী অভিযোগ

মামলার নথি অনুযায়ী, গত ২২ মে ধানমন্ডিতে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকশ সদস্য জড়ো হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যান, কয়েকজনকে আটক করা হয়। পরদিন ২৩ মে মামলাটি হয়। রিমান্ড আবেদনে পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজন সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য অর্থ ও অস্ত্র জোগান দিয়েছেন।

আসামিপক্ষের বক্তব্য

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, ছয় মাস আগের একটি ঘটনায় সাবেক সচিব ও সংসদ সদস্যরা মিছিলে অংশ নিয়েছিলেন, এমন অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। তমালের আইনজীবী তাছলিমা জাহান আদালতকে জানান, তাঁর মক্কেল হৃদ্‌রোগে আক্রান্ত।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )