
রাজশাহী বিভাগে এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ১৩৩ জন
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাবে ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে ১৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
উত্তরাঞ্চলেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন। ঢাকা, খুলনা ও চট্টগ্রামের পরই রোগী ভর্তির দিক থেকে রাজশাহী বিভাগের অবস্থান। এ সময়ে দেশে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে, তবে রাজশাহী বিভাগে নতুন কোনো মৃত্যুর তথ্য নেই।
শীতের শুরুতেও সতর্কতা
অনেকে মনে করেন শীত এলেই ডেঙ্গু চলে যায়। কিন্তু তাপমাত্রা পুরোপুরি না কমা পর্যন্ত এইডিস মশার প্রজনন চলতে পারে। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি এডিস মশার প্রজননস্থল হয়ে ওঠে।
জ্বর হলে দেরি না করে নিকটস্থ সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করানো এবং দিনে-রাতে মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর আগেই জানিয়েছে, জেলা ও উপজেলা পর্যায়েই ডেঙ্গু চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।
