
টেকনাফে শতাধিক আইইডি, বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার, আটক ২
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক তৈরির সরঞ্জাম, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে টেকনাফের আদর্শ গ্রাম এলাকায় এই অভিযান চালায় টেকনাফ ২ বিজিবি। আটক ব্যক্তিরা হলেন লেঙ্গুরবিল এলাকার মো. ইব্রাহিম ও নতুন পল্লানপাড়ার মেহেদী হাসান। তাঁরা দুজনই অটোরিকশাচালক।
যা উদ্ধার হয়েছে
- শতাধিক আইইডি ও বিস্ফোরক তৈরির উপকরণ
- একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় বন্দুক
- ২৫৪টি গুলি
- দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক মিয়ানমার থেকে আনা হয়েছিল। এর সঙ্গে আর কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।
CATEGORIES আইন ও অপরাধ
