
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির সম্ভাবনা বাড়ছে
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির সম্ভাবনা বাড়ছে বলে জানিয়েছে পাকিস্তানের সরকারি সূত্র। সম্ভাব্য এই আলোচনায় সমঝোতার বড় অগ্রগতি হতে পারে বলে আশা করা হচ্ছে।
এ লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ রাতেই পাকিস্তানের রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। কূটনৈতিক মহলে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সফরের আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেন আরাঘচি। উভয় পক্ষই এই যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি, চলমান যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক ঘিরে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে।
ইসহাক দার বলেন, সংকট সমাধানে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আরাঘচি পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেছেন বলে জানানো হয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও আলাদা করে কথা বলেছেন। তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।
এরই মধ্যে চলতি সপ্তাহের শুরুতে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের অন্তত নয়টি বিমান পৌঁছেছে। এসব বিমানে যোগাযোগ সরঞ্জাম, যানবাহন, নিরাপত্তাকর্মী এবং প্রযুক্তিগত কর্মী আনা হয়েছে বলে জানা গেছে, যা আলোচনাকে ঘিরে বাড়তি প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।

