
গরমের দিনে বাগানের যত্ন ও পরিচর্যার কার্যকর উপায়
বৈশাখের তপ্ত রোদে জনজীবনের পাশাপাশি চরম চাপে পড়েছে শখের বাগানের গাছপালাও। নিয়মিত পানি দেওয়ার পরও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পাতা শুকিয়ে যাওয়া কিংবা গাছ মারা যাওয়ার ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়টায় সঠিক পরিচর্যার অভাবে একটি সুস্থ বাগানও অল্প সময়েই নষ্ট হয়ে যেতে পারে।
উদ্ভিদবিদ ও বাগান বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ কিন্তু কার্যকর নিয়ম মেনে চললে তীব্র গরমেও বাগান রাখা সম্ভব সবুজ, সতেজ ও প্রাণবন্ত।
গ্রীষ্ম উপযোগী গাছ নির্বাচন
সব গাছ সব ঋতুতে সমানভাবে টিকে থাকতে পারে না। তাই গ্রীষ্মকালে জবা, জুঁই, বোগেনভিলিয়া, অপরাজিতা ও জিনিয়ার মতো রোদসহিষ্ণু গাছ নির্বাচন করা উচিত। এসব গাছ উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে এবং দীর্ঘসময় ফুল দেয়।
পানি দেওয়ার সঠিক সময়
গরমে অনেকেই দুপুরে গাছে পানি দিয়ে থাকেন, যা গাছের জন্য ক্ষতিকর। পানি দেওয়ার আদর্শ সময় ভোরবেলা অথবা সূর্যাস্তের পর। বিশেষ করে বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে পানি দেওয়া সবচেয়ে উপযোগী। গভীর রাতে পানি দিলে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়ে।
মাটির অবস্থা বুঝে পানি দেওয়া
গাছের গোড়ার মাটি পরীক্ষা না করে পানি দেওয়া ঠিক নয়। মাটির ওপরের অংশ শুকনো মনে হলেও ভেতরে আর্দ্রতা থাকতে পারে। অতিরিক্ত পানি দিলে গাছের শিকড় পচে যাওয়ার ঝুঁকি থাকে।
প্রখর রোদ থেকে সুরক্ষা
দুপুরের তীব্র রোদ থেকে গাছকে বাঁচাতে টব বা গাছ ছায়াযুক্ত স্থানে সরিয়ে রাখা প্রয়োজন। বারান্দা বা বড় গাছের নিচে রাখা যেতে পারে। এছাড়া নার্সারি নেট বা খড়ের ছাউনি ব্যবহার করে সরাসরি রোদ থেকে গাছকে সুরক্ষা দেওয়া যায়।
জৈব সারের ব্যবহার
গরমের সময় রাসায়নিক সার বা কীটনাশক মাটির তাপমাত্রা বাড়িয়ে দেয়। তাই এই সময়ে চাল-ডাল ধোয়া পানি, সবজির খোসা বা ডিমের খোসার মতো জৈব সার ব্যবহার করা উত্তম। এতে মাটির উর্বরতা বজায় থাকে এবং গাছও থাকে সুস্থ।

