
ফেনীতে কুড়িয়ে পাওয়া ৭ লাখ ফেরত দিলেন গার্ড
৭ লাখ টাকা ফেরত, আবু সাঈদ, ফেনী ডি.ডি ল্যাব, সততার দৃষ্টান্ত—ফেনীতে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ডি.ডি ল্যাবের নিরাপত্তাকর্মী আবু সাঈদ। কুড়িয়ে পাওয়া ৭ লাখ টাকা ভর্তি ব্যাগ তিনি কোনো দ্বিধা ছাড়াই প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ফেনী শহরের এসএসকে সড়কে অবস্থিত ডি.ডি ল্যাব প্রাঙ্গণে এক রোগী ভুলবশত একটি ব্যাগ ফেলে চলে যান। পরে সেখানে দায়িত্বরত সিকিউরিটি গার্ড আবু সাঈদ ব্যাগটি পড়ে থাকতে দেখে সেটি নিরাপদে সংগ্রহ করেন। ব্যাগ খুলে ভেতরে বিপুল টাকা দেখতে পেলেও তিনি বিচলিত না হয়ে তাৎক্ষণিকভাবে ব্যাগটি ডি.ডি ল্যাব কর্তৃপক্ষের কাছে জমা দেন।
পরবর্তী সময়ে গণনা করে দেখা যায়, ব্যাগে মোট ৭ লাখ টাকা রয়েছে। ঘটনার পর ডি.ডি ল্যাবের অফিসিয়াল ফেসবুক পেজে হারানো বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি দেখে শুক্রবার দুপুর ২টার কিছু পর প্রকৃত মালিক ল্যাবে উপস্থিত হন।
ডি.ডি ল্যাব কর্তৃপক্ষ জানায়, সিসিটিভি ফুটেজ যাচাই ও প্রয়োজনীয় প্রমাণ নিশ্চিত করার পর উপ-ব্যবস্থাপনা পরিচালক আরাফাত নিশান এবং নির্বাহী পরিচালক ইফাত চৌধুরীর উপস্থিতিতে মালিকের হাতে টাকা বুঝিয়ে দেওয়া হয়।
টাকা ফিরে পেয়ে মালিক আবেগাপ্লুত হয়ে আবু সাঈদ ও ডি.ডি ল্যাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “পবিত্র রমজান মাসে এমন সততা সত্যিই বিরল।”
এ বিষয়ে আরাফাত নিশান বলেন, “আবু সাঈদের এই মহানুভবতায় আমরা গর্বিত। আবু সাঈদের মতো সৎ কর্মী আমাদের প্রতিষ্ঠানের সম্পদ। কর্তৃপক্ষ তাকে পুরস্কৃত করবে।” ব্যক্তিগত ও পেশাগত গোপনীয়তা বজায় রাখতে টাকার প্রকৃত মালিকের পরিচয় ও ছবি প্রকাশ করা হয়নি বলেও জানানো হয়।
আরও পড়ুন :সারাদেশ খবর

